নোয়াপাড়ায় ভোটভিক্ষায় মঞ্জু বসুর নামে ভুয়ো লিফলেট তৃণমূলের!

Manju Basu অভিযোগ করলেন, তাঁর নামে ভুয়ো লিফলেট ছড়ানো হচ্ছে। ভোটের আগে নোয়াপাড়ায় এই ইস্যুতে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে।

noapara-fake-leaflet-manju-basu-allegation-tmc-election-row

কলকাতা: বিকাশ বসুকে ছাড়া নোয়াপাড়ায় অচল তৃণমূল। ছবি নিয়ে প্রচার চলছিল। পরে মঞ্জু বসুর আপত্তিতে তা তুলে নেওয়া হয়। বিদায়ী বিধায়ক মঞ্জু তৃণমূল ত্যাগ করে পুরনো সতীর্থদের চক্ষুশূল। সেই মঞ্জু বসুর নাম নিয়েই মিথ্যা প্রচার শুরু করেছে তৃণমূল। এমনই অভিযোগ করছেন খোদ মঞ্জু বসু।

নোয়াপাড়ায় একটি লিফলেট বিলি হচ্ছে, যেখানে লেখা,  “প্রিয় নোয়াপাড়াবাসী, আপনাদের কাছে আমার শেষ অনুরোধ, দয়া করে আমার স্বর্গীয় স্বামী, আপনাদের প্রাণের মানুষ শহীদ বিকাশ বসুর খুনিকে দয়া করে ভোট দেবেন না। আমি আপনাদের কাছে তাঁর বিদেহী আত্মার চিরশান্তি প্রার্থনা করছি। বিনীত— মঞ্জু বসু”। কোনও দলের নাম বা প্রতীক নেই।

   

Read More: ভোট আবহে দিনে দুপুরে হালিশহরে শুট আউট!

ভুল বানানে এই বয়ান শিক্ষিকা মঞ্জু বসুর হতে পারে? এ প্রশ্ন তো উঠছেই। কিন্তু তৃণমূল এবং রাজনীতি ছেড়ে দেওয়া মঞ্জু বসু কেন ভোট নিয়ে বয়ান দেবেন? এ নিয়ে নোয়াপাড়ার বিদায়ী বিধায়ক-ঘনিষ্ঠ মহল জানাচ্ছে, এই লিফলেটের সঙ্গে মঞ্জু বসুর কোনও সম্পর্ক নেই। নোংরা রাজনীতি করছে তৃণমূল। এগুলো মেনে নেওয়া যায় না। এ নিয়ে মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে নিজের অবস্থান স্পষ্ট করবেন মঞ্জু বসু।

ধর্মতলার ধরনা মঞ্চে মঞ্জু বসুকে অপমান করেন মমতা। প্রতিবাদে দল ছাড়েন মঞ্জু বসু। তৃণমূলের দুর্দিনের সৈনিকের বাড়ির কাছে প্রচারে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঞ্জু বসুকে কেন প্রার্থী করা হল না, তা নিয়েও সাফাই দেন। তবে ধরনা মঞ্চে অপমানের বিষয়ে কিছু বলেননি। বক্তব্যে বলেন, “বিকাশ বসুর খুনে অভিযুক্ত এখন তাঁর ছবি নিয়ে ভোট চাইছেন।”

Read More: বাংলায় এসেই ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীরকে চমকালেন যোগী রাজ্যের সিংহম

২০০০ সালের এপ্রিলে খুন হন বিকাশ বসু। সেই ঘটনায় অর্জুন সিংকে গ্রেফতার করে পুলিশ। সেই অর্জুনকে পরে লোকসভা নির্বাচনের টিকিট দেন মমতা। বিধায়কও করেন। মঞ্জু বসুও তখন তৃণমূলের বিধায়ক। মঞ্জুর দাবি, “বারবার তাঁকে বোঝানো হয়েছিল যে অর্জুন নাকি বিকাশ বসুর খুনের সঙ্গে জড়িত নয়। আর ২০১৯ সালে অর্জুন বিজেপিতে যোগ দিতেই ফের তাঁকে খুনি বলা হল। সবাই সব জানলে আমি বিচার কেন পেলাম না?”

সেই বিতর্কের রেশ না কাটতেই এবার নতুন খেলা নোয়াপাড়ায়। তাঁর নামে ভুয়ো লিফলেট ছড়ানো হচ্ছে বলে দাবি তৃণমূলের টিকিটে জেতা প্রাক্তন বিধায়কের। ভোটের আগের দিন তৃণমূলের বিরুদ্ধে মঞ্জু বসু মুখ খুললে, তা সামলাতে পারবেন ছাত্রনেতা তৃণাঙ্কুর?