চলে গেলেন অলিম্পিক হকি তারকা গুরবক্স সিং গ্রেওয়াল ! শোকে ভারতীয় ক্রীড়াজগৎ

ভারতীয় হকির এক উজ্জ্বল অধ্যায়ের নীরব সমাপ্তি ঘটল। দেশের হয়ে অলিম্পিকে পদকজয়ী প্রাক্তন হকি তারকা গুরবক্স সিং গ্রেওয়াল (Gurbux Singh Grewal)আর নেই। শুক্রবার চণ্ডীগড়ের জিরাকপুরে…

gurbux-singh-grewal-death-indian-hockey-legend

ভারতীয় হকির এক উজ্জ্বল অধ্যায়ের নীরব সমাপ্তি ঘটল। দেশের হয়ে অলিম্পিকে পদকজয়ী প্রাক্তন হকি তারকা গুরবক্স সিং গ্রেওয়াল (Gurbux Singh Grewal)আর নেই। শুক্রবার চণ্ডীগড়ের জিরাকপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তাঁর প্রয়াণে ভারতীয় ক্রীড়াজগতে গভীর শোকের আবহ তৈরি হয়েছে।

গুরবক্স সিং গ্রেওয়াল ভারতীয় হকির এমন এক নাম, যাঁর অবদান শুধুমাত্র খেলোয়াড় হিসেবেই সীমাবদ্ধ ছিল না। তিনি দেশের হয়ে ১৯৬৮ সালের মেক্সিকো সিটি অলিম্পিকে অংশ নিয়েছিলেন এবং সেই প্রতিযোগিতায় ভারত ব্রোঞ্জ পদক জেতে। সেই দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ভারতীয় হকির ইতিহাসে সেই সাফল্য আজও বিশেষ মর্যাদা বহন করে।

   

আরও দেখুনঃ ট্রাম্পের উপর প্রাণঘাতী হামলায় বার্তা উদ্বিগ্ন মোদীর

তাঁর জীবনের অন্যতম উল্লেখযোগ্য ঘটনা ছিল, একই অলিম্পিকে নিজের ভাই বলবীর সিং গ্রেওয়ালের সঙ্গে দেশের প্রতিনিধিত্ব করা। দুই ভাইয়ের একসঙ্গে অলিম্পিক মঞ্চে ভারতীয় হকি দলে খেলা ছিল অত্যন্ত বিরল ঘটনা। দেশের ক্রীড়া ইতিহাসে এই ঘটনা এক অনন্য নজির হয়ে রয়েছে। পরিবারের দুই সদস্যের একসঙ্গে দেশের জার্সি পরে আন্তর্জাতিক মঞ্চে নামা নিঃসন্দেহে গর্বের বিষয় ছিল। ঘরোয়া হকিতে গুরবক্স সিং রেলওয়েজ দলের হয়ে খেলতেন।

সেই সময় তিনি নিজের দক্ষতা, পরিশ্রম এবং নেতৃত্বগুণের জন্য পরিচিত ছিলেন। তবে ছয়ের দশকের মাঝামাঝি সময়ে একাধিক চোট তাঁর খেলোয়াড় জীবনকে দীর্ঘ হতে দেয়নি। বারবার চোটের সমস্যায় পড়ে তুলনামূলক কম বয়সেই তাঁকে সক্রিয় খেলাধুলা থেকে সরে আসতে হয়। তবে মাঠ ছাড়লেও হকি থেকে দূরে যাননি তিনি।

খেলোয়াড় জীবন শেষ হওয়ার পর কোচ, সংগঠক ও পরামর্শদাতা হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। ওয়েস্টার্ন রেলওয়েজ দলের কোচ হিসেবে তিনি বহু প্রতিভাবান খেলোয়াড় গড়ে তুলেছিলেন। দেশের নানা প্রান্ত, বিশেষ করে রাজস্থান, পাঞ্জাব-সহ বিভিন্ন অঞ্চল থেকে প্রতিভা খুঁজে এনে জাতীয় স্তরে সুযোগ করে দেওয়ার ক্ষেত্রেও তাঁর বড় ভূমিকা ছিল।

মুম্বইয়ের হকি মহলেও তাঁর প্রভাব ছিল যথেষ্ট। তিনি মুম্বই হকি অ্যাসোসিয়েশনের সম্মানীয় সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি শহরের একাধিক দলে মেন্টর হিসেবেও যুক্ত ছিলেন। তরুণ খেলোয়াড়দের পথ দেখানো, সংগঠনকে শক্তিশালী করা এবং খেলাটিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাঁর নিষ্ঠা সকলের কাছে প্রশংসিত হয়েছিল।

গুরবক্স সিং গ্রেওয়ালের মৃত্যুর খবরে হকি মহলে শোকের ছায়া নেমে এসেছে। হকি ইন্ডিয়াও শোকবার্তা জানিয়ে তাঁর অবদানের কথা স্মরণ করেছে। সংস্থার তরফে বলা হয়েছে, তিনি শুধু অলিম্পিক পদকজয়ী নন, অবসরের পরও হকির উন্নয়নে নিজেকে উৎসর্গ করেছিলেন। তাঁর কাজ ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে। একজন সফল খেলোয়াড়, নিবেদিতপ্রাণ কোচ এবং দক্ষ সংগঠক হিসেবে গুরবক্স সিং গ্রেওয়াল ভারতীয় হকিতে চিরস্মরণীয় হয়ে থাকবেন। তাঁর প্রয়াণে দেশের ক্রীড়াজগত এক অভিভাবকসুলভ ব্যক্তিত্বকে হারাল।