
কলকাতা: আগামী ২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার মেগা নির্বাচন। তার আগে বুধবার উত্তর দমদমের অগ্রদূত ময়দানে প্রচার সারলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হাইভোল্টেজ এই প্রচার মঞ্চ থেকে সন্ত্রাসবাদ, দুর্নীতি ও শিল্প ইস্যুতে তৃণমূল ও কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তিনি।
কংগ্রেসকে নিশানা ও ‘পদ্ম’ তত্ত্ব
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মল্লিকার্জুন খাড়গের ‘সন্ত্রাসবাদী’ কটাক্ষের কড়া জবাব দেন শাহ। তিনি বলেন, “রাহুল গান্ধীর সঙ্গদোষেই খাড়গেজির ভাষা খারাপ হয়ে যাচ্ছে। তবে মোদীর গায়ে যত কাদা ছোঁড়া হবে, পদ্ম তত বেশি করে ফুটবে।” তাঁর দাবি, তামিলনাড়ু ও পুদুচেরিতে কংগ্রেস ডাবল ফিগার পার করতে পারবে না এবং অসমেও তাদের চরম হার অপেক্ষা করছে। এরপরই তৃণমূল নেত্রীকে হুঁশিয়ারি দিয়ে শাহ বলেন, “মমতা দিদি, আপনি এই কংগ্রেসের সঙ্গে আছেন, আপনারও খারাপ হবে।”
সন্ত্রাসবাদ ইস্যুতে তোপ Amit Shah North Dumdum rally
২২ এপ্রিল পহেলগাঁও হামলার বর্ষপূর্তিতে সন্ত্রাসবাদ নিয়েও কড়া বার্তা দেন শাহ। তাঁর কটাক্ষ, “আগে কংগ্রেস ও তৃণমূল সরকার জঙ্গিদের বিরিয়ানি খাওয়াত। কিন্তু মোদী সরকার উরিতে সার্জিক্যাল স্ট্রাইক, পুলওয়ামায় এয়ার স্ট্রাইক এবং পহেলগাঁও হামলার পর ‘অপারেশন সিঁদুর’ চালিয়ে জঙ্গিদের কড়া জবাব দিয়েছে।”
শিল্প ও ‘বস্তির শহর’ কলকাতা
রাজ্যের শিল্প পরিস্থিতি নিয়েও তৃণমূলকে বিঁধতে ছাড়েননি স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর অভিযোগ, শাসকদলের ‘কাটমানি’ সংস্কৃতির জেরেই বাংলা ছেড়ে পালাচ্ছে শিল্প। পাশাপাশি কলকাতাকে ‘বস্তির শহর’ বলে কটাক্ষ করে শাহের দাবি, এখানকার পুরসভা এখন দেউলিয়া। তাদের অবহেলাতেই শহরের ঝিলগুলি নোংরা জলে পূর্ণ, এমনকি মোতিঝিলও তার বিশুদ্ধতা হারিয়েছে।

