
সিউড়ি: বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পশ্চিমবঙ্গের রাজনৈতিক আবহ ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। এই পরিস্থিতিতে হলদিয়া এবং আসানসোলের পাশাপাশি বীরভূমের সিউড়িতে জনসভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আসন্ন নির্বাচনে সিউড়ি কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে লড়বেন জগন্নাথ চট্টোপাধ্যায়। সেই প্রেক্ষিতেই এদিনের সভাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজনৈতিক মহল।
সিউড়ির সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শাসক দলকে একাধিক ইস্যুতে আক্রমণ করেন। তাঁর বক্তব্যে উঠে আসে বীরভূমের বগটুই কাণ্ডের প্রসঙ্গ, যা নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। মোদি বলেন, এই ঘটনা মানবতার জন্য লজ্জার এবং এর মাধ্যমে রাজ্যের আইনশৃঙ্খলার চিত্র স্পষ্ট হয়ে ওঠে। এদিনের সভায় মোদির সবচেয়ে আলোচিত মন্তব্য ছিল বোমা ইস্যু নিয়ে। তিনি দাবি করেন, “এই রাজ্যে বোমা তৈরির কুটির শিল্প চলছে। অলিতে-গলিতে বোমা তৈরির কারখানা গড়ে উঠেছে। কাঁচা বোমা তৈরি হচ্ছে প্রতিনিয়ত।” তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। শাসক দলের বিরুদ্ধে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে তিনি বলেন, রাজ্যের সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, একদিকে দেশ প্রতিরক্ষা ক্ষেত্রে ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে এবং আত্মনির্ভরতার পথে এগোচ্ছে, অন্যদিকে পশ্চিমবঙ্গে অস্ত্র এবং বোমার ভাণ্ডার তৈরি হচ্ছে। তাঁর কথায়, “দেশ যখন প্রতিরক্ষায় আত্মনির্ভর হচ্ছে, তখন বাংলা বোমা তৈরির কুটির শিল্পে ব্যস্ত।” এই মন্তব্যের মাধ্যমে তিনি কেন্দ্র এবং রাজ্যের উন্নয়ন ভাবনার মধ্যে পার্থক্য তুলে ধরার চেষ্টা করেন।

