
আরামবাগ: ‘বাংলাকে যখন পাকিস্তান হুমকি দিচ্ছে, তখন মোদীবাবু কেন মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে বসে আছেন!’ আরামবাগের কালিপুর স্পোর্টস কমপ্লেক্সের নির্বাচনী জনসভা থেকে এভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নজিরবিহীন আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ কলকাতা পর্যন্ত হামলার হুমকি দিয়েছিলেন। সেই প্রসঙ্গ তুলেই প্রধানমন্ত্রীর নীরবতা নিয়ে এদিন তীব্র কটাক্ষ করেন তৃণমূল সুপ্রিমো। (Mamata Banerjee slams Modi)
পাশাপাশি স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) ইস্যুতেও নির্বাচন কমিশন ও বিজেপিকে একহাত নেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, ট্রাইব্যুনালে আবেদনের সুযোগ না দিয়েই ভোটার তালিকা ‘ফ্রিজ’ করে অসংখ্য মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। এর বিরুদ্ধে ফের আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
এদিন আরামবাগের সভা থেকে ঢালাও প্রতিশ্রুতিও দেন মমতা। তিনি আশ্বস্ত করেন, রাজ্যে কোনও কাঁচা বাড়ি থাকবে না। পাশাপাশি ‘লক্ষ্মীর ভাণ্ডার’ আজীবন চলবে বলেও গ্যারান্টি দেন তিনি। আলু চাষিদের উদ্দেশে মুখ্যমন্ত্রী জানান, সরকার মিড-ডে মিল ও আইসিডিএস-এর জন্য আলু কিনছে।
কড়া ভাষায় আরএসএস (RSS) এবং বিজেপিকে নিশানা করে সাধারণ মানুষকে সতর্ক করেন মমতা। তিনি বলেন, আরএসএস-এর লোকেরা ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য চাইলে কেউ যেন তা না দেন। বিজেপির বিরুদ্ধে বাইরে থেকে লোক আনার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী ফের মনে করিয়ে দেন, রাজ্যের সব আসনেই তিনিই প্রার্থী। এছাড়া সংবাদমাধ্যমের জনমত সমীক্ষাকে সম্পূর্ণ ‘বিজেপির টাকায় কেনা রিপোর্ট’ বলে উড়িয়ে দিয়েছেন তিনি।

