জামিন পেতেই টিকিট! বন্দরে ফিরহাদের বিরুদ্ধে বিজেপির প্রার্থী কে এই রাকেশ?

Rakesh Singh vs Firhad Hakim

কলকাতা: জল্পনার অবসান। আসন্ন বিধানসভা নির্বাচনে কলকাতা বন্দর কেন্দ্রে রাজ্যের মন্ত্রী তথা হেভিওয়েট তৃণমূল নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে রাকেশ সিংকে প্রার্থী করল বিজেপি। দলের প্রকাশিত ষষ্ঠ প্রার্থী তালিকায় এই হাইভোল্টেজ কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করেছে গেরুয়া শিবির। ঘটনাচক্রে, ভোটে লড়ার জন্যই সদ্য কলকাতা হাইকোর্ট থেকে একাধিক শর্তসাপেক্ষে অন্তর্বর্তী জামিন পেয়েছেন এই বিতর্কিত বিজেপি নেতা। (Rakesh Singh vs Firhad Hakim)

আদালত সূত্রে খবর, গত ৬ এপ্রিল বিচারপতি কৌশিক চন্দ এক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড এবং স্থানীয় দুজনের স্বাক্ষরের ভিত্তিতে রাকেশের জামিন মঞ্জুর করেন। খুনের চেষ্টা-সহ একাধিক মামলায় দীর্ঘদিন জেলে ছিলেন তিনি। তবে জামিন পেলেও তাঁর গতিবিধির ওপর কড়া শর্ত চাপিয়েছে আদালত। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, রাকেশ সিংকে তাঁর বিধানসভা এলাকা অর্থাৎ কলকাতা বন্দরের গণ্ডির মধ্যেই থাকতে হবে। কেবল মনোনয়ন জমা দিতে এবং আগামী ৪ মে ভোটগণনার দিন তিনি ওই এলাকা থেকে বেরোতে পারবেন।

   

আদালত এও জানিয়েছিল, রাকেশ সিং যদি ভোটে লড়ার টিকিট না পান, তবে পুলিশ তাঁর জামিন বাতিলের আর্জি জানাতে পারবে। আগামী ৬ মে এই মামলার পরবর্তী শুনানি। আপাতত হাইকোর্টের নির্দেশিকা এবং কমিশনের কড়া গাইডলাইন মেনেই হেভিওয়েট ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ভোট-যুদ্ধে অবতীর্ণ হতে চলেছেন রাকেশ সিং।