রেলপথে হামলার ছক? ‘ট্রেনে উঠলেই জীবনের ঝুঁকি’, ইরানকে হুঁশিয়ারি ইজরায়েলের

Israel warning Iran civilians

জেরুজালেম: যুদ্ধবিধ্বস্ত পশ্চিম এশিয়ায় কি ফের বড়সড় কোনও সামরিক অভিযানের ছক কষছে ইজরায়েল? এবার সরাসরি ইরানের সাধারণ নাগরিকদের উদ্দেশে চরম সতর্কবার্তা জারি করে সেই জল্পনাই উসকে দিল ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF)। মঙ্গলবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এর (X) ফারসি ভাষার অ্যাকাউন্টে একটি জরুরি নির্দেশিকা জারি করে ইজরায়েলি সেনার হুঁশিয়ারি, সাধারণ মানুষ যেন নির্দিষ্ট সময় পর্যন্ত কোনওভাবেই ট্রেন ব্যবহার না করেন বা রেললাইনের আশেপাশে না যান। (Israel warning Iran civilians)

নির্দেশিকায় স্পষ্টভাবে বলা হয়েছে, “নিজেদের নিরাপত্তার স্বার্থে আমরা অনুরোধ করছি, এখন থেকে মঙ্গলবার ইরান সময় রাত ৯টা (ভারতীয় সময় রাত ১১টা) পর্যন্ত গোটা দেশে ট্রেন বা রেলপথে যাতায়াত থেকে সম্পূর্ণ বিরত থাকুন। ট্রেন বা রেললাইনের আশেপাশে আপনাদের উপস্থিতি সরাসরি জীবনের ঝুঁকি ডেকে আনতে পারে।” লিখিত নির্দেশিকার পাশাপাশি ফারসি ভাষায় একটি গ্রাফিক পোস্ট করেও এই ‘জরুরি সতর্কতা’ প্রচার করেছে ইজরায়েলি সেনা।

   

গত ২৮ ফেব্রুয়ারি থেকে আমেরিকা ও ইজরায়েলের সঙ্গে ইরানের সংঘাত চরম আকার ধারণ করেছে। দু’পক্ষের লাগাতার হুমকি ও সামরিক পদক্ষেপের মাঝেই দেশজুড়ে এই সতর্কতা নয়া মাত্রার ইঙ্গিত দিচ্ছে। তবে এই সতর্কবার্তায় নির্দিষ্ট কোনও অঞ্চল বা রেল রুটের কথা আলাদা করে উল্লেখ করা হয়নি। গোটা ইরান জুড়েই এই সতর্কতা জারি হওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। অন্যদিকে, ইজরায়েলের এই চরম হুঁশিয়ারি নিয়ে এখনও পর্যন্ত তেহরানের তরফে আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।