
তেহরান: মার্কিন-ইজরায়েলি বিমান হামলায় আগেই মৃত্যু হয়েছে আলি খামেনেইয়ের৷ এবার কি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ছেলে মোজতাবা খামেনেইও? এমনই এক চাঞ্চল্যকর দাবি উঠে এসেছে মার্কিন ও ইজরায়েলি গোয়েন্দা রিপোর্টে। ‘দ্য টাইমস’-এ প্রকাশিত একটি গোপন কূটনৈতিক মেমো অনুযায়ী, ৫৬ বছর বয়সী মোজতাবা গুরুতর আহত অবস্থায় শিয়াদের পবিত্র শহর ‘কোম’-এ চিকিৎসাধীন। তিনি বর্তমানে কোমায় আচ্ছন্ন এবং দেশের কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার মতো শারীরিক অবস্থায় নেই। (Mojtaba Khamenei Unconscious)
গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ও ইজরায়েলি ফৌজের ভয়াবহ বিমান হামলায় মৃত্যু হয় ইরানের তৎকালীন সুপ্রিম লিডার আলি খামেনেই, তাঁর স্ত্রী, পুত্রবধূ জাহরা হাদ্দাদ-আদেল এবং এক নাতির। পশ্চিম এশিয়ার এই রক্তক্ষয়ী যুদ্ধের প্রথম দিনের সেই হামলাতেই গুরুতর জখম হন মোজতাবা। বাবার মৃত্যুর পর মার্চ মাসের শুরুতে তাঁকে নতুন সুপ্রিম লিডার হিসেবে বেছে নেওয়া হলেও, একবারের জন্যও প্রকাশ্যে তাঁকে দেখা বা শোনা যায়নি। তাঁর হয়ে সমস্ত বিবৃতি রাষ্ট্রীয় টেলিভিশনে পাঠ করা হচ্ছে। গত সোমবার তাঁকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করে তেহরান দাবি করেছিল যে তিনি সুস্থ আছেন এবং দেশের রাশ তাঁর হাতেই রয়েছে। কিন্তু ওই ভিডিওটি এআই (AI) প্রযুক্তিতে তৈরি বলে জানা গিয়েছে।
‘দ্য টাইমস’-এর রিপোর্ট অনুযায়ী, তেহরান থেকে প্রায় ১৪০ কিলোমিটার দক্ষিণে শিয়াদের ধর্মীয় রাজধানী কোম শহরে মোজতাবার চিকিৎসা চলছে। এই প্রথম তাঁর অবস্থান প্রকাশ্যে এল। গোয়েন্দা সূত্র আরও দাবি করেছে, কোম শহরে আলি খামেনেইয়ের জন্য একটি বিশাল সমাধিসৌধ তৈরির কাজ চলছে, যেখানে একাধিক কবরের জায়গা রাখা হয়েছে। মার্কিন গোয়েন্দাদের আশঙ্কা, মোজতাবার শারীরিক অবস্থা এতটাই সঙ্কটজনক যে, তাঁকেও হয়তো ওই একই সৌধে সমাহিত করা হতে পারে। যদিও এই বিস্ফোরক রিপোর্টের বিষয়ে ওয়াশিংটন বা তেহরান এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া জানায়নি।

