
কলকাতা: সুপ্রিম কোর্টের রায় মেনে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের বকেয়া মহার্ঘ ভাতা (DA) মেটানোর পর, এবার পেনশনভোগীদের জন্যও বড়সড় সুখবর শোনাল নবান্ন। যাবতীয় ধোঁয়াশা কাটিয়ে বৃহস্পতিবার রাজ্য সরকারের তরফে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হলো, পেনশনভোগীদের বকেয়া ডিএ এবং এরিয়ারের টাকা দ্রুত মিটিয়ে দেওয়া হবে। আগামী ১৮০ দিন অর্থাৎ ছ’মাসের মধ্যেই সংশ্লিষ্টদের অ্যাকাউন্টে এই বকেয়া টাকা ঢুকে যাবে বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে।
কারা পাবেন এই বকেয়া টাকা?
নবান্নের নির্দেশিকা অনুযায়ী, ২০০৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত যে সমস্ত রাজ্য সরকারি কর্মী অবসর গ্রহণ করেছেন, তাঁদের বকেয়া ডিএ-র সম্পূর্ণ হিসেব কষে অর্থ প্রদান করা হবে। পারিবারিক পেনশন বা ফ্যামিলি পেনশনের (Family Pension) ক্ষেত্রেও নিয়ম মেনে এই বকেয়া মেটানো হবে। কোনও সরকারি কর্মীর মৃত্যু হয়ে থাকলে, তাঁর বৈধ নমিনির (Nominee) ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে যাবে। ট্রেজারি বিভাগ বা সংশ্লিষ্ট ব্যাঙ্কের মাধ্যমে ধাপে ধাপে এই বকেয়া হস্তান্তরের প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে।
কর্মীদের একাংশের বকেয়া মিটেছে আগেই Bengal DA arrears pensioners
উল্লেখ্য, গত ৩১ মার্চের মধ্যেই ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত টানা চার বছরের বকেয়া ডিএ সরকারি কর্মীদের একটি বড় অংশের অ্যাকাউন্টে মিটিয়ে দিয়েছে রাজ্য সরকার। দীর্ঘ আইনি জটিলতা ও টালবাহানার পর অর্থবর্ষ শেষের আগেই এই পদক্ষেপ করে নবান্ন।
নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক
বাকি থাকা সরকারি অনুদানপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলির কর্মী এবং পেনশনভোগীদের ডিএ ও ডিআর (DR) প্রদান নিয়ে গত বুধবারই অর্থ দপ্তরের সচিবের নেতৃত্বে নবান্নে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। উচ্চশিক্ষা, স্কুল শিক্ষা, পঞ্চায়েত, পরিবহণ, নগরোন্নয়ন-সহ একাধিক দপ্তরের শীর্ষ আধিকারিক ও আর্থিক উপদেষ্টারা এই বৈঠকে উপস্থিত ছিলেন। নবান্ন সূত্রের খবর, প্রতিটি দপ্তরে ঠিক কতজন কর্মী ও পেনশনভোগী ডিএ বা ডিআর পাওয়ার যোগ্য এবং তাঁদের ইতিমধ্যেই কত টাকা দেওয়া হয়েছে, তার নির্ভুল পরিসংখ্যান দ্রুত জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দপ্তরগুলির কাছ থেকে এই বিস্তারিত তথ্য হাতে পেলেই বাকিদের বকেয়া মেটানোর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে অর্থ দপ্তর।

