
লাদাখ: তুষারধসে বিপর্যস্ত লাদাখ৷ এই তুষারধসে প্রাণ হারিয়েছে অন্তত ৭জন৷ আহত হয়েছেন ৫ জন৷ জম্মু ও কাশ্মীর এবং লাদাখের সংযোগকারী জোজিলা পাসে এই তুষারধসে একাধিক গাড়ি চাপা পড়ে রয়েছে বলে জানা গিয়েছে৷ শুধু তাই নয় এই তুষারধসের জেরে সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে শ্রীনগর-লেহ জাতীয় সড়ক৷ রাস্তার উপর পুরু বরফ জমে থাকায় বহু যানবাহন মাঝপথে আটকে রয়েছে৷ পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে৷
দুর্ঘটনার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সেনাবাহিনী, পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল৷ যৌথভাবে উদ্ধার অভিযান চলছে৷ বরফ সরানোর জন্য ভারী যন্ত্র ব্যবহার করা হচ্ছে, যাতে দ্রুত রাস্তা খুলে দেওয়া যায়৷ এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন লাদাখের লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা৷ তিনি দ্রুত উদ্ধারকাজ শেষ করার নির্দেশ দিয়েছেন৷ কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন৷
প্রায় ১১,৫৭৫ ফুট উচ্চতায় অবস্থিত জোজিলা পাস লাদাখের প্রবেশদ্বার হিসেবে পরিচিত৷ এই পথ দিয়েই যাতায়াত করে শ্রীনগর-লেহ জাতীয় সড়ক, যা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সড়কপথ৷ প্রতিবছর শীতে তুষারপাতের কারণে এই পথ বন্ধ থাকে৷ তাই জোজিলা টানেল নির্মাণের কাজ চলছে৷ এটি সম্পূর্ণ হলে সারা বছর যোগাযোগ বজায় রাখা সম্ভব হবে৷
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন এলাকায় আরও তুষারপাত হতে পারে। ফলে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে।

