মুম্বই: মধ্যপ্রাচ্যের চরম যুদ্ধ পরিস্থিতির মাঝেই ভারতের জন্য এল বড়সড় স্বস্তির খবর। বিদেশমন্ত্রী এস. জয়শঙ্করের কূটনৈতিক হস্তক্ষেপে ভারতীয় জাহাজের জন্য হরমুজ প্রণালী (Strait of Hormuz) খুলে দেওয়ার যে সিদ্ধান্ত ইরান নিয়েছিল, এবার হাতেনাতে তার সুফল মিলতে শুরু করল। বুধবারই সফলভাবে এই অত্যন্ত স্পর্শকাতর প্রণালী পার হয়ে মুম্বই বন্দরে এসে পৌঁছল অপরিশোধিত তেল বোঝাই একটি বিশাল ট্যাঙ্কার।
মুম্বইয়ে পৌঁছল ‘শেনলং সুয়েজম্যাক্স’
মুম্বই পোর্ট ট্রাস্ট সূত্রে জানা গিয়েছে, লাইবেরিয়ার পতাকা বহনকারী ‘শেনলং সুয়েজম্যাক্স’ (Shenlong Suezmax) নামের এই বিশাল তেলের জাহাজটির ক্যাপ্টেন একজন ভারতীয়।
জাহাজটি গত ১ মার্চ সৌদি আরবের রাস তানুনা (Ras Tanura) বন্দর থেকে অপরিশোধিত তেল বোঝাই করে রওনা দিয়েছিল।
ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর এবং ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরঘাচির মধ্যে সফল বৈঠকের পর, ইরানের সবুজ সংকেত পেয়েই জাহাজটি নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করে মুম্বইয়ে পৌঁছয়।
কেন এই ঘটনা এতটা তাৎপর্যপূর্ণ? Indian oil tanker through Hormuz Strait
বিশ্বের মোট অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবহণের একটি বিশাল অংশ এই হরমুজ প্রণালী দিয়েই যাতায়াত করে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে তেহরানের বিরুদ্ধে আমেরিকা-ইজরায়েলের সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এই প্রণালীর ওপর কড়া নিয়ন্ত্রণ কায়েম করেছিল ইরান। যার জেরে বিশ্বজুড়ে তেল সরবরাহে চরম উদ্বেগ দেখা দেয়। ভারতের কূটনৈতিক হস্তক্ষেপে সেই জট কাটায় দেশের জ্বালানি সঙ্কট অনেকটাই মিটবে বলে আশা করা হচ্ছে।
পারস্য উপসাগরে ভারতীয় নাবিকদের পরিস্থিতি কী?
জাহাজ চলাচলের পাশাপাশি ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিয়েও অত্যন্ত তৎপর কেন্দ্র। বুধবার কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে যে, বর্তমানে পারস্য উপসাগরীয় অঞ্চলে ২৮টি ভারতীয় পতাকাবাহী জাহাজ কাজ করছে। হরমুজের পশ্চিমে ২৪টি জাহাজ রয়েছে, যেখানে মোট ৬৭৭ জন ভারতীয় নাবিক রয়েছেন। হরমুজের পূর্বে ৪টি জাহাজে ১০১ জন ভারতীয় নাবিক রয়েছেন।
২৪ ঘণ্টার কন্ট্রোল রুম
মন্ত্রক জানিয়েছে, ভারতীয় জাহাজ এবং নাবিকদের নিরাপত্তা ও সুরক্ষার ওপর প্রতিনিয়ত নজর রাখা হচ্ছে। উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য গত ২৮ ফেব্রুয়ারি থেকেই জাহাজ মন্ত্রক এবং ডিরেক্টরেট জেনারেল অফ শিপিং-এ একটি ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম চালু করা হয়েছে।





