
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন পিছিয়ে যাওয়ায় নতুন করে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। কয়েকদিন আগেই বিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন (Election Commission) জানিয়েছে, পূর্বনির্ধারিত ১৪ ফেব্রুয়ারির পরিবর্তে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২৮ ফেব্রুয়ারি। কমিশনের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ভোট প্রস্তুতির অগ্রগতি ঠিক কোন পর্যায়ে রয়েছে এবং আসন্ন বিধানসভা নির্বাচনের দিনক্ষণ কবে ঘোষণা হতে পারে।
নির্বাচন কমিশন (Election Commission) সূত্রে জানা গিয়েছে, ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় বেশ কিছু আপত্তি, দাবি ও সংশোধনের আবেদন জমা পড়েছে। সেগুলি খতিয়ে দেখতেই অতিরিক্ত সময় প্রয়োজন হয়েছে। কমিশনের বক্তব্য, স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকা প্রকাশই তাদের প্রধান লক্ষ্য। কোনও যোগ্য ভোটার যাতে তালিকা থেকে বাদ না পড়েন এবং অযোগ্য বা ভুয়ো নাম যাতে অন্তর্ভুক্ত না থাকে, সে বিষয়ে বিশেষ সতর্কতা নেওয়া হচ্ছে। তাই চূড়ান্ত তালিকা প্রকাশে সময় বাড়ানো হয়েছে। এদিকে রাজনৈতিক শিবিরে জোর গুঞ্জন, আগামী ২ মার্চ বাংলায় বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হতে পারে। যদিও নির্বাচন কমিশন (Election Commission) আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানায়নি, তবু প্রশাসনিক তৎপরতা এবং প্রস্তুতির গতিপ্রকৃতি দেখে অনেকেই মনে করছেন, ভোট ঘোষণা আর খুব বেশি দূরে নয়। সূত্রের খবর, তিন দফায় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। অতীতের অভিজ্ঞতা, আইনশৃঙ্খলার পরিস্থিতি এবং বাহিনী মোতায়েনের প্রয়োজনীয়তা বিবেচনা করেই একাধিক দফায় ভোটগ্রহণের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
এই আবহেই শুক্রবার রাজ্যে গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছে ভারতীয় নির্বাচন কমিশন (Election Commission) । বৈঠকে উপস্থিত থাকার কথা সমস্ত জেলাশাসক, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং শীর্ষ প্রশাসনিক কর্তাদের।

