ইরান যুদ্ধের আঁচে পুড়ল শেয়ার বাজার! সেনসেক্সে ধস, লগ্নিকারীদের মাথায় হাত

মুম্বই: মধ্যপ্রাচ্যে যুদ্ধের আঁচ এবার সরাসরি এসে পড়ল ভারতের শেয়ার বাজারে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আকাশছোঁয়া হতেই সোমবার সকালে বাজার খুলতেই রক্তক্ষরণ শুরু হল…

Indian stock market crash

মুম্বই: মধ্যপ্রাচ্যে যুদ্ধের আঁচ এবার সরাসরি এসে পড়ল ভারতের শেয়ার বাজারে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আকাশছোঁয়া হতেই সোমবার সকালে বাজার খুলতেই রক্তক্ষরণ শুরু হল দালাল স্ট্রিটে। বিনিয়োগকারীদের মধ্যে নেতিবাচক মনোভাবের জেরে শেয়ার বিক্রির হিড়িক পড়ে যায়, যার জেরে হুড়মুড়িয়ে পড়ে সেনসেক্স এবং নিফটি।

একধাক্কায় বিপুল পতন

সকাল ৯:২৮ মিনিট পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স (Sensex) একধাক্কায় ২,৪৪৪.৫১ পয়েন্ট তলিয়ে গিয়ে ৭৬,৪৭৪.৩৯-এ এসে দাঁড়িয়েছে৷ অন্যদিকে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি৫০ (Nifty50)-ও ৭২৯.৯০ পয়েন্ট খুইয়ে ২৩,৭২০.৫৫ পয়েন্টে নেমে এসেছে।

   

তেলের দামে আগুন, চিন্তায় ভারত Indian stock market crash

জিওজিৎ ইনভেস্টমেন্টস লিমিটেডের চিফ ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিস্ট ডঃ ভি কে বিজয়কুমার জানিয়েছেন, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১১৫ ডলার ছাড়িয়ে যাওয়ায় বিশ্ব অর্থনীতি ও শেয়ার বাজারে বড়সড় ধাক্কা লেগেছে। তিনি বলেন, “পশ্চিম এশিয়ার এই সংঘাত দীর্ঘস্থায়ী হলে এবং তেলের দাম চড়া থাকলে ভারতের মতো তেল আমদানিকারক দেশগুলি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তেলের দামের এই ধাক্কার প্রভাব পড়বে মূল্যবৃদ্ধিতেও।”

সর্বত্রই বিক্রির হিড়িক, কোন শেয়ারের কী হাল?

বাজার খুলতেই প্রায় সব খাতেই ব্যাপক বিক্রির চাপ দেখা যায়। এদিন ব্যাঙ্কিং এবং অটো সেক্টর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইন্ডাসইন্ড ব্যাঙ্ক (-৭.৫৫%), স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (-৫.৫৬%), লারসেন অ্যান্ড টুব্রো (-৪.৮৭%), টাটা স্টিল (-৪.৬১%) এবং মারুতি সুজুকি (-৪.৫৫%) চরম ক্ষতির মুখে পড়েছে।

তবে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (-০.০৪%), ইনফোসিস (-০.৮৯%) এবং সান ফার্মা (-১.০০%) কিছুটা হলেও পতনের হাত থেকে নিজেদের রক্ষা করতে পেরেছে।

বাজারে অস্থিরতা মাপার সূচক ইন্ডিয়া ভিক্স (India VIX) ২১.৫২% লাফিয়ে বেড়েছে। ব্রডার মার্কেটে নিফটি মিডক্যাপ ১০০ এবং স্মলক্যাপ ১০০ দুই সূচকই ৩ শতাংশের বেশি পড়েছে। অটো, পিএসইউ ব্যাঙ্ক, রিয়েলটি, আইটি সহ সবকটি সেক্টরাল সূচকই এদিন লালের ঘরে।

বিনিয়োগকারীদের জন্য কী পরামর্শ?

বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ফেব্রুয়ারি মাসে শেয়ার কিনলেও, এই অনিশ্চয়তার জেরে ফের তাঁরা আগ্রাসীভাবে শেয়ার বিক্রি করতে শুরু করেছেন। তবে ডঃ বিজয়কুমারের মতে, ইতিহাস বলছে ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রভাব বাজারে খুব বেশি দিন স্থায়ী হয় না। তাই বিনিয়োগকারীদের এখন ধৈর্য ধরতে হবে। তাঁর পরামর্শ, ব্যাঙ্কিং, ফিনান্সিয়াল, অটোমোবাইল, টেলিকম বা সিমেন্টের মতো ক্ষেত্রগুলিতে এই সঙ্কটের প্রভাব তুলনামূলক কম পড়বে। ডিফেন্স এবং ফার্মাও ঘুরে দাঁড়াবে। তাই ঝুঁকি নিতে প্রস্তুত দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীরা এই সেক্টরগুলির দিকে নজর রাখতে পারেন।